সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাউজানে ব্যবসায়ীকে ছু-রিকা-ঘাত, অ-স্ত্র-গু-লিসহ গ্রেপ্তার সাব্বির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী মো. সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত সাব্বির হাসানকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টা ২৫ মিনিটে নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া এলাকায় তার বসতবাড়ি থেকে আরও অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। ভুক্তভোগী মুরাদের চাচা টিবলুর কাছ থেকে চার শতক জমি কেনেন সাব্বির। ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে মুরাদের পরিবারের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

এ ছাড়া বিগত সরকারের আমলে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সাব্বিরের কিছু ছবি মুরাদের ভাই মানিকের কাছে ছিল। এসব ছবি ব্যবহার করে মানিক সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

গত ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রাউজান থানার নোয়াপাড়া ইউনিয়নের আমিন মার্কেটের মা স্টোর নামের দোকানের ভেতরে এ নিয়ে সাব্বির ও মানিকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে মানিক ঘটনাস্থল থেকে চলে গেলে সাব্বির তার ভাই মুরাদের ওপর হামলা চালান। এ সময় মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যান সাব্বির।

পরে নোয়াপাড়া-গুজরা এলাকার এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে রাউজান থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাব্বিরের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ির রান্নাঘরের সানসেটের ওপর রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে আরও একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সাব্বির জানিয়েছেন, উদ্ধার হওয়া টিপ চাকুর একটি দিয়ে সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাত করা হয়েছিল।

সব মিলিয়ে অভিযানে দুটি দেশীয় তৈরি এলজি, একটি রিভলবার, সাতটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে। তাকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও