ভারতীয় চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খান জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন। তবে এই অভিযোগকে সম্পূর্ণ ‘ফালতু’ বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।
টেলিভিশন নাটক, ওটিটি ও বিজ্ঞাপনে সমান জনপ্রিয় তিশা বর্তমানে ঢালিউডের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এও নায়িকা হিসেবে অভিনয় করছেন। তবে সম্প্রতি নানা বিতর্কে তার নাম জড়ালেও এবার অভিযোগ এসেছে সীমান্ত পেরিয়ে।
প্রযোজক শরীফ খানের অভিযোগ—তিশা অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পরও কাজ না করে অর্থ ফেরত দেননি।
এ বিষয়ে গণমাধ্যমকে তিশা বলেন, “এই অভিযোগ ফালতু। আমাকে চুক্তির সময় এক–তৃতীয়াংশ টাকা দেওয়া হয়েছিল। শুটিংয়ের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় দেড় মাস কোনো কাজ করিনি। চুক্তিতে স্পষ্ট লেখা আছে—শুটিং বাতিল হলে অগ্রিম টাকা ফেরত যাবে না।”
তিনি আরও অভিযোগ করে বলেন, “শরীফ নামে একজন মধ্যরাতে আমাকে ফোন করে কথা বলতে চেয়েছে। এটা কি পেশাদার আচরণ? আমি দিনের বেলা যোগাযোগের চেষ্টা করেছি। আর উনি তো এই সিনেমার মূল প্রযোজকই নন।” তিশা জানান, প্রয়োজনে তার আইনজীবী পরবর্তী ব্যাখ্যা দেবেন।
ভারতীয় সিনেমা ‘ভালোবাসার মরশুম’ দিয়ে বড়পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তানজিন তিশার। তবে নানা জটিলতায় ছবির কাজ আর এগোয়নি। এদিকে সম্প্রতি শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

