শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের গুঞ্জন থেকে জুটি ভাঙা—সব নিয়ে বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক:

নব্বইয়ের দশকে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটিগুলোর অন্যতম ছিলেন গোবিন্দ ও কারিশমা কাপুর। ‘হিরো নং ১’, ‘কুলি নং ১’, ‘রাজা বাবু’সহ একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তারা।

- Advertisement -

তবে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থাতেই হঠাৎ একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন এই দুই তারকা। দীর্ঘদিনের সেই জল্পনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী শাগুফতা আলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘হিরো নং ১’ সিনেমার সহ-অভিনেত্রী শাগুফতা আলি গোবিন্দ ও কারিশমার সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। তার ভাষ্য, কারিশমা কাপুর ছিলেন অত্যন্ত পরিশ্রমী, শৃঙ্খলাপরায়ণ এবং নিজের কাজের প্রতি নিবেদিত। তবে তিনি কিছুটা জেদি ও উচ্চাকাঙ্ক্ষী স্বভাবের ছিলেন।

অন্যদিকে, গোবিন্দ সম্পর্কে শাগুফতা বলেন, তিনি প্রায়ই শুটিং সেটে দেরি করে আসতেন। তবে ব্যক্তি হিসেবে ছিলেন অত্যন্ত উদার, আন্তরিক এবং বড় মনের মানুষ।

জনপ্রিয় এই জুটি কেন ভেঙে গেল—এমন প্রশ্নের জবাবে শাগুফতা আলির দাবি, সময়ের সঙ্গে তাদের একসঙ্গে কাজ করার আগ্রহ কমে যায়। পাশাপাশি কারিশমার উচ্চাকাঙ্ক্ষা ও জেদও এর একটি কারণ হতে পারে। এছাড়া দীর্ঘদিন একই জুটিকে পর্দায় দেখতে দেখতে দর্শকদের মধ্যেও এক ধরনের একঘেয়েমি তৈরি হয়েছিল।

একসময় গোবিন্দ ও কারিশমার প্রেমের গুঞ্জনও বলিউডে ব্যাপক আলোচিত ছিল। এ বিষয়ে শাগুফতা বলেন, বিষয়টি অনেকের কাছেই স্পষ্ট ছিল। যদিও তারা কখনোই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি।

গোবিন্দর স্ত্রী সুনীতা বিষয়টি জানতেন কি না—এমন প্রশ্নের উত্তরে শাগুফতা বলেন, তার ধারণা সুনীতা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। তবে তিনি কখনো সেটে বা প্রকাশ্যে এ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করেননি; বরং পুরো পরিস্থিতি অত্যন্ত সংযতভাবে সামলেছেন।

তবে শাগুফতা আলির এসব মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত গোবিন্দ, কারিশমা কাপুর কিংবা তাদের পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও