বর্তমান আবহাওয়ায় কখনো গরম, কখনো ঠান্ডা—এমন অনিশ্চিত পরিবেশে সর্দি-কাশি, নাক বন্ধসহ হালকা জ্বরের সমস্যা বাড়ছে। অনেকেই এমন পরিস্থিতিতে দ্রুত আরোগ্যের আশায় অ্যান্টিবায়োটিক সেবন শুরু করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এসব উপসর্গে অ্যান্টিবায়োটিক নয়, বরং মধুই হতে পারে সবচেয়ে কার্যকর ও নিরাপদ প্রতিকার।
সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক গবেষণায় দেখিয়েছেন, ঠান্ডা, জ্বর বা সর্দি-কাশির মতো সাধারণ অসুস্থতায় মধু অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে কাজ করতে পারে।
গবেষণায় মোট ১৪টি ক্লিনিক্যাল ট্রায়ালে ১ হাজার ৭৬১ জন অংশগ্রহণকারী ছিলেন। সেখানে মধুর কার্যকারিতা তুলনা করা হয় অ্যান্টিহিস্টামিন, পেইনকিলারসহ বিভিন্ন ওষুধের সঙ্গে। ফলাফল বলছে—শ্বাসযন্ত্রের ওপরের অংশে (নাক, গলা, কণ্ঠ ও শ্বাসনালী) সংক্রমণ উপশমে মধু অনেক বেশি উপকারী।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মাত্র এক চামচ মধু শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফুসফুস পরিষ্কার রাখে ও ঠান্ডা-জ্বরের উপসর্গ দূর করে। এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত।
মধুতে রয়েছে ৪৫টিরও বেশি প্রাকৃতিক উপাদান, যা শরীরে শক্তি জোগায় ও কোষের সুরক্ষা দেয়। প্রতি ১০০ গ্রাম মধু থেকে পাওয়া যায় ৩০৪ ক্যালরি শক্তি, তবে এতে কোনো চর্বি বা প্রোটিন নেই।
বিশেষজ্ঞরা আরও জানান, মধুর সঙ্গে দারুচিনির গুঁড়া মিশিয়ে খেলে রক্তনালী পরিষ্কার হয়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং লিভার থেকে বিষাক্ত উপাদান বের হয়ে যায়। নিয়মিত মধু সেবনে সংক্রমণ প্রতিরোধ হয় ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।
তবে বিশেষ সতর্কতা হিসেবে বলা হচ্ছে, ডায়াবেটিসে আক্রান্তদের মধু খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

